Image description

পবিত্র ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতেই দেশের প্রান্তিক কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে আসছে বাংলা নববর্ষ। আগামী পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে দেশের ২২ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রি-পাইলটিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফার্মাস কার্ড’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

উদ্বোধনী দিনে দেশের ১১টি উপজেলার নির্বাচিত কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সাধারণ নির্বাচনের আগে বিএনপির প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম ছিল কৃষকদের সরাসরি সহায়তা ও সরকারি সুবিধা নিশ্চিত করতে ‘ফার্মাস কার্ড’ চালু করা। সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটা কৃষিবান্ধব নীতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার ও সেচ সুবিধাসহ বিভিন্ন সরকারি প্রণোদনা সরাসরি ভোগ করতে পারবেন।

পহেলা বৈশাখের এই শুভক্ষণে কৃষক কার্ডের যাত্রা শুরু গ্রামীণ অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা করবে বলে আশা করছে সরকার।

মানবকণ্ঠ/আরআই