Image description

রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে নারী যাত্রী ও পথচারীদের নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত অত্যাধুনিক গণ-শৌচাগার ‘অনন্যা’র যাত্রা শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাসের যৌথ সহযোগিতায় এই আন্তর্জাতিক মানের শৌচাগারটি নির্মাণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) এক অনুষ্ঠানের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এই শৌচাগারটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।

নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও ভ্রমণকালীন স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ‘অনন্যা’য় যুক্ত করা হয়েছে বহুমুখী আধুনিক সুবিধা।

এর উল্লেখযোগ্য দিকগুলো হলো:

১. জরুরি প্রয়োজনে স্যানিটারি প্যাড সংগ্রহের ব্যবস্থা।

২. নতুন মায়েদের জন্য নিরিবিলি পরিবেশে ‘ব্রেস্টফিডিং রুম’ বা দুগ্ধদান কক্ষ।

৩. শিশুদের ডায়াপার পরিবর্তনের জন্য বিশেষ ‘বেবি চেঞ্জিং’ স্টেশন।

৪. শারীরিক প্রতিবন্ধী নারীদের জন্য সহজে প্রবেশযোগ্য ও ব্যবহার উপযোগী বিশেষ চেম্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “নারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এটি একটি দারুণ উদ্যোগ। আমরা আশা করি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আরও বিস্তৃত হবে।”

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান জানান, প্রতিদিন হাজার হাজার নারী মহাখালী টার্মিনাল এলাকা দিয়ে যাতায়াত করেন, কিন্তু মানসম্মত টয়লেটের অভাবে তারা চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হতেন। ‘অনন্যা’ শুধু একটি টয়লেট নয়, বরং নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন নিশ্চিত করার একটি পদক্ষেপ। বেসরকারি সংস্থা ‘ভূমিজ’ এই শৌচাগারটির নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগটি রাজধানী ঢাকার পাবলিক স্যানিটেশন ব্যবস্থায় এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে এবং নারীদের জনপরিসরে চলাফেরা আরও সহজ ও স্বস্তিদায়ক করবে।

মানবকণ্ঠ/আরআই