Image description

ঈদের আগের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজধানীর হাতিরঝিলের মধুবাগে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত ১৭ বছর বয়সী মো. রাব্বী মগবাজারের আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২০ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তাকে ছুরি মারা হয় বলে জানান হাতিরঝিল থানার এসআই পার্থ সারথি দাস।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাব্বীকে মৃত ঘোষণা করেন।

রাব্বীর বাবার নাম মো. ফারুক। পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা গ্রামে।

এসআই পার্থ বলেন, ‘তারা একই সাথের ছেলেপেলে, কথাবার্তা থেকে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানতে পেরেছি।’

নিহত রাব্বীর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন হওয়ার তথ্য দেন তিনি।