Image description

সরবরাহ ঘাটতির কারণে রাজধানী ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত তেল না থাকায় সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই অনেক পাম্পের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, অধিকাংশ পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা নোটিশ ঝুলছে। ফলে জ্বালানির আশায় চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছোটাছুটি করছেন। হাতেগোনা দুই-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া গেলেও সেখানে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

পাম্প মালিকরা জানিয়েছেন, ঈদের ছুটিতে টানা দুই দিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে সোমবার বিকেলের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা।

এদিকে, গতকাল রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সারা দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে পরিবহন খাতে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর