Image description

এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)। ঈদের ছুটির কয়েক দিনে হাসপাতালটিতে তিন শতাধিক গুরুতর আহত রোগী ভর্তি হয়েছেন, যাদের বড় একটি অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিটোর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের পরিচালক ডা. আবুল কেনান জানান, গত পাঁচ দিনে নিটোরের জরুরি বিভাগে মোট ১ হাজার ২০০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৬০ জনের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পরিচালক আরও উল্লেখ করেন, বিগত বছরগুলোতে অটোরিকশা বা থ্রি-হুইলার দুর্ঘটনার রোগী বেশি দেখা গেলেও এ বছর চিত্র ভিন্ন। এবার রেকর্ডসংখ্যক বাইক দুর্ঘটনার রোগী হাসপাতালে আসছেন। আহতদের অধিকাংশেরই হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে, তবে পায়ের হাড় ভাঙা রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন কুমিল্লার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুস সাকিব জানান, মোটরসাইকেল নিয়ে মোড় ঘোরার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তার পা ভেঙে যায়। একইভাবে বরিশাল থেকে আসা শাহিনুজ্জামানও ঈদের আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য নিটোরে ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশ থেকে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত রোগী আসছে। রোগীদের ভিড় সামলাতে এবং সঠিক সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর