রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।
নিহতরা হলেন— মা নার্গিস (৩৫) এবং তাঁর ছেলে মাহিম (৫)। পুলিশ জানিয়েছে, নার্গিসের স্বামী পেশায় একজন অটোরিকশাচালক। শুক্রবার বিকেলে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে এবং সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে গিয়ে শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মায়ের গলায় ফাঁস লাগানোর চিহ্ন দেখতে পাওয়া যায়।
এসআই রফিকুল আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরেই ওই নারী সন্তানকে হত্যার পর নিজে আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে পুরো ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। আলামত সংগ্রহের কাজ শেষে লাশ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments