রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তির এলোপাথাড়ি কোপে একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন, যাদের মধ্যে দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। হামলায় গুরুতর আহত অন্য তিনজন হলেন—মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু মুসা নামে এক ঠিকাদার পাওনা টাকা আদায়ের জন্য ভোরে নবীউল্লাহর বাসায় যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে প্রথমে আবু মুসাকে কুপিয়ে আহত করেন। এর প্রতিশোধ নিতে আবু মুসা পাল্টাপাল্টি হামলা চালিয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেন। এসময় নবীউল্লাহর সন্তানরা মাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে রক্তাক্ত করা হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আবু মুসাও আহত অবস্থায় পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ এই নৃশংস ঘটনার তদন্ত শুরু করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments