ঢাকার আজকের আবহাওয়া গরম ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, সেই দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালেই তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের বেলায় আরও বাড়তে পারে। ফলে সারাদিনই গরমের অনুভূতি বেশি থাকতে পারে।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।




Comments