রাজধানীর মোহাম্মদপুরে অপরাধীদের দৌরাত্ম্য যেন থামছেই না। রায়েরবাজারে এ্যালেক্স ইমনকে হত্যার রেশ কাটতে না কাটতেই মাত্র চার দিনের ব্যবধানে একই কায়দায় আরেক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন রাস্তা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আসাদুল হক (২৮), যিনি এলাকায় 'লম্বু আসাদুল' নামে পরিচিত ছিলেন। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। আসাদুল মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে রাস্তার পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসাদুলের মরদেহ উদ্ধার করে। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আসাদুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে পরপর দুটি খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments