Image description

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির আজুয়ায় প্রদেশের আন্দিজ পর্বতমালা সংলগ্ন একটি পাহাড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও অন্তত ২৯ জন গুরুতর আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) আজুয়ায় প্রদেশের কুয়েনকা-মলেতুরো মহাসড়কের ‘এল-চোরো’ ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির বাসটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে কয়েকশ ফুট নিচে পড়ে যায়।

ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ৯১১ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৯ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজুয়ায়ের রাজধানী কুয়েনকা শহরটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার আঁকাবাঁকা পথগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইকুয়েডরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারান। ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৩৭৩ জন নিহত হয়েছিলেন। মূলত চালকদের অসতর্কতা, অতিরিক্ত গতি এবং দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতিকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই