বহুল প্রত্যাশিত ও প্রতীক্ষিত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে অবশেষে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১২ টায় পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এর মধ্য দিয়ে দেশের সিটি করপোরেশনের তালিকায় নতুন করে যুক্ত হলো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর। ঘোষণার পর তিনি ফলক উন্মোচন করেন ও পৌরসভা চত্বরে বৃক্ষরোপন করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করলাম। এখন আপনাদের দায়িত্ব নিজেদের শহরকে পরিষ্কার রাখা। আমি আসার পথে অনেক জায়গায় ময়লা দেখেছি। আপনারা আপনাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪-(কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পৌর প্রশাসক রাজিয়া সুলতানা প্রমুখ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো সরকারি সফরে বগুড়ায় এসে পৌঁছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। পরে তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন তিনি।
এর আগে সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন এবং আদালতের ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।




Comments