Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত এই তালিকায় স্থান পাননি সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

বিএনপির চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি ও নিপুণ রায় চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীরা।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফারজানা সিঁথি। তিনি নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার জোরালো আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

ফারজানা সিঁথি মূলত ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ এলাকায় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে পরিচিতি পান। এছাড়া তিনি মডেলিং ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত। তিনি ‘দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজপথের পরীক্ষিত নেত্রীদের মূল্যায়ন করতেই দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই