রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বিধবার ৭ দোকানে যুবদল নেতার তালা ও ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবার মালিকানাধীন দোকানে হামলা, ভাঙচুর ও ৭টি দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল এই হামলা চালায়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ডহরগাঁও এলাকার বিধবা রোকেয়া বেগম (৬৫) দড়িকান্দি মৌজার আরএস ৭৩৭ নম্বর দাগের ৩৪ শতাংশ জমিতে প্রায় ৭০-৮০ বছর ধরে বসতবাড়ি ও ৭টি দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন। তবে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সোমবার আক্কাস আলী ও তার সহযোগীরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। তারা ৪টি দোকান ভাঙচুর করে এবং ৭টি দোকানেই তালা ঝুলিয়ে দেয়। এসময় দোকানদার ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনার নিন্দা জানিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, “সন্ত্রাসীদের বিএনপিতে কোনো স্থান নেই। তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে আক্কাস আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—আতাবর, আক্কাস আলী, সিয়াম হোসেন, আলী মোল্লা, বাচ্চু মিয়া, হোসাইন ও আসিফ হোসেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “বিধবার দোকানে হামলা ও তালা দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments