বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন থেকে আর আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষা দিতে হবে না। এর পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং বাছাই পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নতুন এই পদ্ধতিতে প্রার্থীদের প্রথমে ২০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এমসিকিউ-তে উত্তীর্ণদের ডাকা হবে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায়। উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এই দুই ধাপে সফল হলেই প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করে সনদ প্রদান করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, সরাসরি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ শূন্য রয়েছে। এই তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন পদ্ধতির ফলে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমবে এবং প্রকৃত মেধাবীরা দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবেন। বর্তমানে দেশে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ শিক্ষক কর্মরত আছেন। বিপুল সংখ্যক শূন্যপদ পূরণে এই নতুন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই সরাসরি নিয়োগের ঐতিহাসিক বিজ্ঞপ্তিটি জনসমক্ষে আসতে পারে বলে আভাস দিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments