দেশের প্রবাসী আয়ে বইছে সুবাতাস। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই ২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১২ কোটি ৭০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ২৫ হাজার ৯৪৯ কোটি ৪০ লাখ টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের এপ্রিলের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের এই ১৯ দিনে প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার বা ৪ হাজার ৯৭৮ কোটি টাকা বেশি এসেছে।
এর আগে দেশের ইতিহাসে মাসিক সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল চলতি বছরের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে (৩২৯ কোটি ৫৬ লাখ ডলার) এবং তৃতীয় সর্বোচ্চ এসেছিল ২০২৫ সালের ডিসেম্বরে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার)।
অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেড়েছে। এর ফলে স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা এখন আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন। বাড়তি আয়ের আশায় প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন, যা ইতিবাচক প্রভাব ফেলছে বৈদেশিক মুদ্রার বাজারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
মানবকণ্ঠ/আরআই




Comments