Image description

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে এ পর্যন্ত ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান প্রক্রিয়া, জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর সেখানে অবস্থানরত ৬৯ হাজার মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার বিষয়টি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকিদের পাসপোর্ট প্রদানের কাজ ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল সৌদি আরবে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যাদের প্রয়োজনীয় নথিপত্র আছে বা যারা নির্দিষ্ট শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা আমাদের অগ্রাধিকার।" তিনি সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে তা পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, "জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা এই সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রসারিত করতে চাই।"

মানবকণ্ঠ/আরআই