Image description

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে আমুলিয়া মডেল টাউন এলাকার ওই টিনশেড কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং বেলা ১১টা ৫৫ মিনিটে তারা আগুন নির্বাপণের কাজ শুরু করে।

পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।