ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে বর্তমানে তেমন কোনো শীর্ষ সন্ত্রাসী নেই, আগে যারা ছিল তাদের সহযোগীরাই অপরাধ কার্যক্রম চালাচ্ছে।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে এ সব কথা বলেন ডিএমপি কমিশনার।
মো. সরওয়ার বলেন, আগে যারা শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের তালিকা নিয়মিতই হালনাগাদ করা হচ্ছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা নেয়া হবে।
কমিশনার বলেন, ‘কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্পটি চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সদস্য বাড়ানো হবে।
তিনি বলেন, কারওয়ানবাজার এলাকায় অপরাধীদের গ্রেফতার এবং অপরাধ শূন্যে নামিয়ে আনতেই এই ক্যাম্প চালু করা হয়েছে। রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গোপন নজরদারি বাড়ানোসহ নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
মামলা না নেয়ার অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কোনও থানায় মামলা না নিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল এসি, ডিসি বা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে।




Comments