Image description

দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি ও প্রাণহানি রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ফায়ার ড্রিল ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটি। 

সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে রোববার (৩ মে) রাজধানীর গুলশানে অবস্থিত লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবমুখী ধারণা দিতে দুই ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়। এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

সেশনে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে নিরাপদে বের হওয়ার কৌশল, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের উপায় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ‘Participation Certificate’ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান সিটির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ সানি মাহাম্মদ তালহা। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ সানি মাহাম্মদ তালহা বলেন, “আশিয়ান গ্রুপ সবসময় নিরাপদ আবাসন ও নিরাপদ জীবনের স্বপ্নে বিশ্বাস করে। অগ্নিনিরাপত্তা শুধু প্রস্তুতির বিষয় নয়, এটি জীবন রক্ষার গুরুত্বপূর্ণ জ্ঞান। আমরা চাই শিক্ষার্থীরা সচেতন হয়ে নিজেদের অবস্থান থেকে অগ্নিনির্বাপণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখুক।”

আশিয়ান সিটি জানিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।