পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই রাজধানী ঢাকাকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে শুরু হয়েছে বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ। নগরবাসীকে একটি দুর্গন্ধমুক্ত ও স্বচ্ছ শহর উপহার দিতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই মাঠে নেমেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী।
সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডি, লালবাগ, জিগাতলাসহ রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের কর্মীরা ভ্যান ও ছোট ট্রাক নিয়ে অলিগলি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। এই বর্জ্যগুলো দ্রুততার সঙ্গে নির্দিষ্ট ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে’ (এসটিএস) নেওয়া হচ্ছে, যেখান থেকে বড় ডাম্পিং ট্রাকের মাধ্যমে তা ল্যান্ডফিলে সরিয়ে নেওয়া হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা থেকে প্রায় ৫৪ হাজার টনেরও বেশি বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশাল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা এবং সার্বিক কার্যক্রম তদারকি করছেন দুই সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও দ্রুত বর্জ্য সরাতে তারা বদ্ধপরিকর। তবে এ কাজে নাগরিকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং রক্ত পরিষ্কারে ব্লিচিং পাউডার ব্যবহারের পাশাপাশি পলিথিন ব্যাগ ব্যবহারের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
পরিচ্ছন্নতা কর্মকর্তারা আশা করছেন, বিরামহীন এই কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো ঢাকাকে বর্জ্যমুক্ত করা সম্ভব হবে। নগরবাসীও সিটি করপোরেশনের এই তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments