Image description

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম পাওয়ায় এ জরিমানা করা হয়।

রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ তিন ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে সিটি করপোরেশনের আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শন করে বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা—অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

অভিযানে দেখা যায়, হাসপাতালের ব্লাড ব্যাংক ছাড়া অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা মাপার মিটার ছিল না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবার জাতীয় পণ্যের ভুল লেবেলিং লক্ষ্য করা গেছে। 

ম্যাজিস্ট্রেট আরও জানান, হাসপাতালের ছাদের ওপর একটি অপরিচ্ছন্ন বেকারি পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এটি পাশের ভবনে দাবি করলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেছেন যে, হাসপাতালের ভেতর দিয়েই ওই বেকারিতে প্রবেশের পথ রয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রীও এই বেকারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এদিকে, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। ওই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে এরই মধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে এই নোটিশ পাঠিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জনবল সংকটের অজুহাতে সেবার মান ও পরিচ্ছন্নতার সাথে আপস করার কোনো সুযোগ নেই। অল্প সময়ের মধ্যে এসব অনিয়ম সংশোধন না হলে আবারও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর