রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী ও দুই সন্তান দীর্ঘ দিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের জেরে গত ১২ বছর ধরে বাবার দেওয়া পৈতৃক ফ্ল্যাটে তিনি একাই থাকতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার খবর পেয়ে পুলিশ পল্লবী সেকশন-৬, সি ব্লকের ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে যাওয়ায় এবং দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ভবনের একটি ফ্ল্যাটে সেলিনা আফরোজ একা থাকতেন এবং একই ভবনের চারতলায় তার এক বোন বসবাস করেন। গত ২৬ মে রাতে তার ভাতিজার সঙ্গে শেষবার মোবাইল ফোনে কথা হয়েছিল সেলিনার। এরপর থেকে পরিবারের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
উল্লেখ্য, সম্প্রতি পল্লবীর ৬ নম্বর সেকশনেরই ১৩ নম্বর রোডের আরেকটি বাসা থেকে এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই নারীর সন্তানরা সরকারের যুগ্ম-সচিব ও বুয়েটের শিক্ষকের মতো উচ্চপদস্থ পদে থাকলেও তিনি একাকী জীবনযাপন করতেন। পল্লবীতে একের পর এক এমন নিভৃত ও করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments