কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল চলাকালে এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মিছিল পরবর্তী ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটির জেরে মাহফুজুর রহমান শিশির নামে এক মাল্টিমিডিয়া সাংবাদিককে মারধর করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) জামায়াতের মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ২৭ নম্বর মোড় ঘুরে পুনরায় ৩২ নম্বরে এসে শেষ হয়। মিছিল শেষে উপস্থিত সাংবাদিকরা মূল বক্তার বক্তব্য নিতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় জামায়াত কর্মীরা ‘বক্তব্য নিতে হবে না’ বলে সাংবাদিকদের সঙ্গে তর্কে লিপ্ত হন।
একপর্যায়ে তারা সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর চড়াও হন এবং তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করেন। আহত শিশির জানান, তিনি পেশাগত প্রয়োজনে নিয়মিত জামায়াত বিটের সংবাদ সংগ্রহ করে থাকেন।
এ বিষয়ে উপস্থিত জামায়াত নেতাদের কাছে জানতে চাইলে তারা দাবি করেন, হামলাকারীরা তাদের দলের কর্মী নয়, বরং তারা বহিরাগত। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এই মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments