Image description

রাজধানীর ভাটারা থানাধীন সাইদনগর এলাকার  একটি বাসার নিচতালার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতারা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী মোছা. তসলিমা বেগম (৪৮)। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন। তিনি সময়ের আলোকে বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। 

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।