নওগাঁর রাণীনগর উপজেলায় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন হোসেন (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে আত্রাই উপজেলার বড় কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে।
জানা গেছে, বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দিলে মঙ্গলবার বিকেল থেকে রাণীনগর জোনাল অফিসের একটি দল মেরামত কাজ শুরু করে। রাত ৮টার দিকে মেরামত কাজ চলাকালে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন লাইনম্যান রতন হোসেন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান বলেন, আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিকেল থেকে মেরামত কাজ চলছিল। রাত ৮টার দিকে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন রতন হোসেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএইচ

