খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ভোররাতে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি নগরীর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার ভোররাতে একটি মোটরসাইকেলে করে তিন যুবক নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে দাঁড়ান।
এ সময় তাঁদের একজন মোটরসাইকেল থেকে নেমে স্মৃতিস্তম্ভের কাছে যান। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে শিববাড়ী মোড়ে চলাচলকারী লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকাজাতীয় বস্তু উদ্ধার করে। এদিকে ফাহাদকে আটকের ঘটনা টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর দুই যুবক দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন ছিলেন। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন। আটক ফাহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর দুজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএইচ

