দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমি কুষ্টিয়ার কুমারখালীতে ফিরেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন তারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের কুমারখালীর তরুণ মোড়ে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মামুন মোল্লা কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার ভাষ্য অনুযায়ী, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে সাতটি মামলায় জড়িয়ে ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর হংকংয়ে অবস্থান করেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আবেগাপ্লুত মামুন মোল্লা বলেন, ১৭ বছর দেশের বাইরে ছিলাম। একটা মানুষের এর চেয়ে বড় আর কী নির্যাতন হতে পারে! নিজের দেশ, নিজের জন্মভূমি ও আপনজনদের ছেড়ে এত দীর্ঘ সময় প্রবাসে কাটানো যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজ আবার নিজের মাটিতে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। আমি চাই, দেশে আর কখনো কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক। মানুষ যেন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির শিকার না হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর ফিরে এসে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার কাছে অনেক বড় পাওয়া। সবার প্রতি আমি কৃতজ্ঞ।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে নিজ এলাকায় ফেরায় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়। এ সময় তারা ফুল দিয়ে মামুন মোল্লাকে শুভেচ্ছা জানান এবং তার স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিএইচ

