ভোরে ভ্যানভর্তি কলার কাঁদি নিয়ে চাষিদের গাইবান্ধার পলাশবাড়ীর দক্ষিণ বন্দর হাটে ছুটে আসা ছিল একসময় নিত্যদিনের দৃশ্য। ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের পদচারণায় জমজমাট থাকত হাটটি। কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র পাল্টে গেছে। বাইরের জেলার পাইকারদের আনাগোনা কমে যাওয়ায় হাটে তৈরি হয়েছে ক্রেতা সংকট। ফলে পানির দামে কলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। উৎপাদন খরচ তো দূরের কথা, পুঁজি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন অনেক কৃষক।
লোকসানের ধাক্কা সামলাতে না পেরে ঐতিহ্যবাহী এই জনপদে কলাচাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেউ কেউ। এতে কলাচাষের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা কলাচাষের জন্য বেশ উপযোগী। একসময় অন্যান্য ফসলের তুলনায় কলাচাষকে লাভজনক মনে করতেন কৃষকরা। কিন্তু বর্তমানে সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় মেটানোই কঠিন হয়ে পড়েছে। তার ওপর বাজারে পর্যাপ্ত পাইকার না থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে পলাশবাড়ীর মেরিরহাট এলাকার কলাচাষি মোশারফ হোসেন বলেন, অন্যান্য ফসলের তুলনায় কলাচাষে খরচ কম, লাভ বেশি। এ কারণে এলাকার অনেক কৃষক কলাচাষ করেন। তবে বর্তমানে বাজারের অবস্থা ভালো নয়। হাটে পাইকার আসছেন না। তাই বাধ্য হয়ে কম দামে কলা বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের কলাচাষি আব্দুস ছালাম বলেন, প্রতি বিঘা জমিতে বছরে কলাচাষ করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। এক বছর পর বাজার ভালো থাকলে প্রায় লাখ টাকার কলা বিক্রি করা সম্ভব। কিন্তু এ বছর কলার দাম অনেক কম।
সরেজমিনে দক্ষিণ বন্দর হাটে গিয়ে দেখা যায়, হাটজুড়ে সারি সারি কলার কাঁদি সাজিয়ে রাখা হয়েছে। ভ্যানযোগে কলা নিয়ে হাটে আসছেন কৃষকরা। চলছে চাষি ও পাইকারদের দরকষাকষি। তবে জেলার বাইরে থেকে পাইকারদের উপস্থিতি কম থাকায় প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষকরা। বাধ্য হয়ে কম দামেই কলা বিক্রি করছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাতটি উপজেলায় গত বছর ৯৪০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছিল। তবে চলতি মৌসুমে কলার আবাদ অনেক কম হয়েছে।
পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দক্ষিণ বন্দর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই কলার হাট। সপ্তাহে শনিবার ও বুধবার হাট বসে। জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার কলাচাষি কাজল আহমেদ কাঁচা কলা নিয়ে এসেছিলেন এই হাটে।
তিনি বলেন, স্থানীয় পাইকাররা এখন হাট থেকে কলা কিনে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহরে পাঠাচ্ছেন। কিন্তু তারা দাম অনেক কম বলছেন। ৩০০ থেকে ৩৫০ টাকার কলার কাঁদি মাত্র ২০০ থেকে ২৫০ টাকা দাম করছেন। এভাবে কলা বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হবে।
হাটে কলা নিয়ে আসা আসাদুল ইসলাম বলেন, প্রতিটি কলার কাঁদি ৩৭০ টাকা করে বিক্রি করেছি। এ বছর আড়াই বিঘা জমিতে কলাচাষ করেছি। ফলন বেশ ভালোই হয়েছে। কিন্তু দাম নেই।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,হাটে যে কলা হালি ৮-১০ টাকা, সেই কলাই চা দোকানসহ অন্য দোকানে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। শুধু চাষিরা দাম পাচ্ছেন না।কলা ব্যবসায়ীরা বলছেন, বাজারে আগের তুলনায় জেলার বাইরে থেকে তেমন পাইকার না আসায় বেচাবিক্রি কম। তবে কলার দাম কমেনি। আগের দামেই চাষিদের কাছ থেকে তাদের কলা কিনতে হচ্ছে।
স্থানীয় কলা ব্যবসায়ী মো. কাজল মিয়া বলেন, হাটে মোটামুটি ভালো কলা উঠছে। ভালো মানের কলার দাম আছে। শীতের সৌসুমে কলার দাম একটু কম হবে, এটা স্বাভাবিক। হাটে যেমন দামে কিনি, কিছু লাভ রেখেই তা আমরা বিক্রি করি।
হাটের ইজারাদার রাহান মিয়া বলেন, জেলার বাইরে থেকে পাইকাররা এলে কলাচাষিরা আরও ভালো দাম পেতেন। তবে বর্তমানে দাম একেবারে দাম কম না। তারপরও প্রতিহাটে কমপক্ষে ৩০-৩৫ লাখ টাকার বিক্রি হয়।
এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্পসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী। কলাচাষে প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োজন হয়। কৃষকরা কলার ন্যায্য দাম পেলে অন্য কোনো ফসল চাষে ঝুঁকবেন না।
বিএইচ

