দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে হয়রানি, দালালদের দৌরাত্ম্য, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল ফেলে রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক ভবন পরিদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র জব্দ করেছেন দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের নানা ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অবহেলার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন দপ্তর ও ওয়ার্ড ঘুরে দেখেন। বিশেষ করে হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা। এ সময় প্রয়োজনীয় কিছু নথিপত্রও জব্দ করা হয়।
দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অবহেলার অভিযোগের সত্যতা যাচাই করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, দুদকের কর্মকর্তারা তাঁদের রুটিন ওয়ার্কের অংশ হিসেবে হাসপাতালে এসেছিলেন। তাঁরা যেভাবে তথ্য ও সহযোগিতা চেয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই সর্বাত্মক সহযোগিতা করেছে।
বিএইচ

