গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে দ্রুতগতির গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার বাসিন্দা মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার এবং তাঁদের আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন (৮)।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, শিশু সন্তানসহ ওই দম্পতি মোটরসাইকেলে করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারের উড়ালসড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজন মারা যান।
উড়ালসড়কে দুর্ঘটনাটি ঘটায় কোন গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিআর

