দারিদ্র্য ও স্বামীর অবহেলায় চরম আর্থিক সংকটে পড়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৩ মাস বয়সী এক শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনার বিবরণে জানা যায়, শিশুটির নাম আল আমিন। তার মা অনিকা আক্তার মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। দুই বছর আগে কাজের সুবাদে চট্টগ্রামে অবস্থানকালে একই এলাকার হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান আল আমিন।
মা অনিকা আক্তার জানান, সন্তান জন্মের আগে থেকেই স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের কোনো খোঁজখবর রাখেন না। সংসারের চরম আর্থিক সংকট, অভাব-অনটনের পাশাপাশি তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। চরম অসহায়ত্বের কারণে একমাত্র সন্তান যেন খেয়েপড়ে বেঁচে থাকে ও ভালো থাকে—সেই ভাবনা থেকেই গত বুধবার সন্ধ্যায় মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের হাতে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তুলে দেন তিনি।
এদিকে শিশুটিকে বিক্রির খবর স্থানীয়ভাবে জানাজানি হলে প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা জানান, খবর পাওয়ার পর শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত মানবিক দিক বিবেচনা করে আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনগত বিধিবিধান মেনে শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর

