‘আল্লাহর দ্বীন গলায় সাজিয়ে রাখার অলংকার নয়, বড় বড় গলাবাজির নামও নয়। যতটুকু দ্বীনি জ্ঞান অর্জন করছি, ততটুকু জীবনে বাস্তবায়ন করতে হবে।’ দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে এসব কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে জুমার নামাজের আগে বয়ানকালে তিনি এসব কথা বলেন।
প্রায় ৪৯ মিনিটের বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশে ইলম ও আমলের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। মানুষ দ্বীনি জ্ঞান অর্জন করছেন, বিভিন্ন হাদিস শুনছেন; কিন্তু অর্জিত জ্ঞান অনুযায়ী জীবনে আমল করার প্রবণতা কমে যাচ্ছে। অথচ ইসলামের শিক্ষা হলো, যে জ্ঞান অর্জন করা হবে, তা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী মনীষীরা একটি হাদিস বা দ্বীনি নির্দেশনা শুনলেও তা জীবনে ধারণ করার চেষ্টা করতেন। তাঁদের কাছে জ্ঞান অর্জনের উদ্দেশ্য ছিল শুধু জানা নয়, বরং সেই অনুযায়ী আমল করা।
বক্তব্যে দৈনন্দিন জীবনের ছোট ছোট নেক আমলের গুরুত্ব তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ এ ধরনের ছোট ছোট নেক আমল আমাদের সমাজ থেকে যেন হারিয়ে যেতে বসেছে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, রাস্তা থেকে চিপসের খালি প্যাকেট, ডাবের খোসা কিংবা অন্য কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখাও সওয়াবের কাজ। এসব কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। মানুষের চলাচলের পথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ভালো কাজ করার জন্য সব সময় বড় কোনো আয়োজন কিংবা বিশেষ সুযোগের প্রয়োজন হয় না। মানুষের উপকারে আসে—এমন ছোট ছোট কাজও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে। তাই প্রতিটি ভালো কাজে সওয়াবের নিয়ত রাখা এবং অর্জিত দ্বীনি জ্ঞান অনুযায়ী আমল করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
এসএ

