চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এবং টানেল কর্তৃপক্ষের অধিগ্রহণ করা জায়গা দখল করে দোকানপাট ও মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। শুধু স্থাপনা নির্মাণই নয়, সড়কের ওপর রাখা হচ্ছে দোকানের মালামাল, চলছে যানবাহন পার্কিংও। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ফুটপাত না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের।
সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখ থেকে চাতরী চৌমুহনী বাজারের আগে মোহাম্মদ আলী জামে মসজিদের দক্ষিণ পাশ পর্যন্ত সওজ ও টানেল কর্তৃপক্ষের জায়গায় বেশ কয়েকটি দোকান ও মার্কেট গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ছৈয়দনুর মার্কেট, শওকত ওসমান মার্কেটসহ নতুন করে নির্মিত আরও কয়েকটি মার্কেট। এসব দোকানের মালামাল সড়কের ওপর রাখা এবং বিভিন্ন যানবাহন পার্কিং করায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রবেশমুখ প্রশস্ত করার লক্ষ্যে দুই দফায় জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। উদ্দেশ্য ছিল টানেলে প্রবেশ ও বের হওয়ার পথে যানজট কমানো এবং বড় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা। কিন্তু অধিগ্রহণ করা সেই জায়গায় দোকানপাট ও মার্কেট গড়ে ওঠায় উল্টো যানজট ও জনদুর্ভোগ বেড়েছে।
বিশেষ করে কোরিয়ান ইপিজেডের কারখানাগুলো ছুটির পর শ্রমিক ও যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সড়ক দিয়ে পথচারীদের চলাচল করতে হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সিএনজিচালক আহমদ নুর বলেন, ‘সড়কের ওপর দোকানের মালামাল রাখায় দুটি সিএনজি অটোরিকশাও পাশাপাশি চলাচল করতে পারে না। সেখানে বড় বাস ও ট্রাক কীভাবে চলবে? কোরিয়ান ইপিজেড ছুটি হলে শত শত গাড়ির চাপে তীব্র যানজট সৃষ্টি হয়।’
পথচারী হাবিবুল্লাহ বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে আসা বাস-ট্রাক যাতে নির্বিঘ্নে টানেলে প্রবেশ করতে পারে, সে জন্য কর্তৃপক্ষ দুই দফায় জমি অধিগ্রহণ করেছে। কিন্তু সেই জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা উচ্ছেদ করা না হলে এখানে যানজট ও ছোটখাটো দুর্ঘটনা বাড়তেই থাকবে।’
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ বলেন, চাতরী চৌমুহনী বাজারের পূর্ব পাশে মূল সড়কের কাজ চলমান রয়েছে। পশ্চিম পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে কাজ এখনো টানেলের প্রবেশমুখ পর্যন্ত পৌঁছায়নি। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কর্ণফুলী টানেলের কর্মকর্তা গোলাম সামদানি হিমেল বলেন, টানেলের জায়গায় অবৈধ দোকানপাট উচ্ছেদের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এসএ

