অগ্রহায়ণের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। বেশ কয়েকটি উপজেলায় টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ভোররাত থেকে হিমেল বাতাস আর ঘন কুয়াশার দাপটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ; বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী ও কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, গত কয়েক দিন ধরে ওই অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
অন্যদিকে, নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি কুয়াশার ঘনত্ব বেড়েছে।
ঘন মেঘ আর কনকনে ঠাণ্ডা বাতাসে উত্তরের জনপদ কাহিল হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দিনের বেলায় সূর্যের উত্তাপ না থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত শীতবস্ত্র জড়িয়ে বাইরে বের হচ্ছেন মানুষ।
কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল জানান, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত ও কুয়াশা থাকায় বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক করিম ও খলিলগঞ্জ এলাকার দিনমজুর পরেশ জানান, মেঘাচ্ছন্ন আকাশ ও ঠাণ্ডার কারণে সকালবেলা রিকশা চালানো কিংবা আগাম আমন ধান কাটার কাজে মাঠে নামতে তাঁদের ব্যাপক বেগ পেতে হচ্ছে।
হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড় ও আশপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় আকাশ মেঘলা থাকছে। মেঘের আড়ালে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারায় দিনের বেলাতেও ঠাণ্ডা অনুভূত হচ্ছে এবং কুয়াশার দাপট বাড়ছে।
এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ায় এর প্রভাবে নিকটবর্তী এলাকা দিয়ে দ্রুত হিমেল হাওয়া বইছে। ফলে উত্তরের জেলাগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঠাণ্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে।” আবহাওয়ার এমন পরিস্থিতি আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও তিনি পূর্বাভাস দিয়েছেন।
ডিআর




