বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত আ ক ম বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন দেওয়া হয়। একই সময়ে নগরীতে অবস্থিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন এবং কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।
এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও ঘটনাস্থল বা ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের দাবি করা হলেও মহাসড়কের ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিআর




