ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। আকস্মিক এই সড়ক অবরোধের ফলে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাকেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। চলমান এই শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে নতুন করে ৫টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এরও আগে গত সোমবার থেকে বিভিন্ন এলাকায় ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
ডিআর




