নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ওই এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি এই নির্দেশনা দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এই নির্দেশনা জারি করেন।
ফেসবুক পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, “ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ইশরাক হোসেন লেখেন, “কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাতদিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।”
ডিআর




