কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স প্রায় পাঁচ মাস পর খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলোর তালা খুলে দান করা অর্থ ও সামগ্রী বের করার কার্যক্রম শুরু হয়। পরে সেগুলো একত্র করে গণনা শুরু করার প্রস্তুতি নেওয়া হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
এ ছাড়া জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরার কাজ চলছিল। সব দানবাক্সের অর্থ একত্র করার পর শুরু হবে গণনা। এ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রীও পাওয়া গিয়েছিল।
প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিন একর ৮৮ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত মসজিদটি ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।
বিএইচ




