বড় ধাক্কা খেল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। গোড়ালির লিগামেন্টে গুরুতর চোটের কারণে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। ফলে ২০২৬ সালের বাকি সময়ে আর মাঠে নামা হচ্ছে না এই ফরোয়ার্ডের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে মাঠে ফিরতে পারেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম স্কাই ডয়েচল্যান্ডের বরাতে জানা গেছে, গোড়ালির হাড়ের সংযোগস্থলের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন কেইন। এ ধরনের চোট থেকে সেরে উঠতে দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন হয়। তবে তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত করা হয়নি।
কেইনের এই চোট বায়ার্ন মিউনিখের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংল্যান্ডের এই অধিনায়ক।
তার অনুপস্থিতিতে আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে বায়ার্ন কোচকে। চলতি মৌসুমে দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন কেইন। ফলে দীর্ঘ সময় তাকে না পাওয়ায় ঘরোয়া লিগসহ অন্যান্য প্রতিযোগিতায় বায়ার্নের শিরোপা লড়াইয়ে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে কেইনের দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত-সমর্থকেরা। তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
বিএইচ




