বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় এক সপ্তাহে ছয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। গত ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে হরমুজ প্রণালিতে চারটি এবং পারস্য উপসাগরে দুটি জাহাজে হামলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় দুটি জাহাজকে জরুরি সহায়তা নিতে হয়েছে। বাকি চারটি ঘটনার পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।
গত ১৭ নভেম্বর ওমানের খাসাব শহরের উত্তরে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির একজন ক্রু সদস্য নিখোঁজ হন এবং আহত হন আরও ১১ জন।
হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্রুদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ট্যাংকারটিকে টেনে বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি ইউকেএমটিও।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিসংখ্যানেও বড় ধরনের পতন দেখা গেছে। গত সাত দিনে প্রণালিটি দিয়ে ১১৫টি জাহাজ বের হয়েছে এবং ১৪৮টি প্রবেশ করেছে। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৩৯ ও ১৬৯টি।
যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে নৌপথটিতে নিরাপত্তাহীনতা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তা ঝুঁকিকে অত্যন্ত গুরুতর পর্যায়ে রেখেছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি)। সংস্থাটির মূল্যায়নে এ অঞ্চলে নতুন করে হামলার আশঙ্কা প্রবল বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলা এবং জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা
বিএইচ




