সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। রাতভর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর এই খাবার শরীরে শক্তি জোগানোর পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সহায়তা করে। তবে শুধু খাবারের পুষ্টিগুণ নয়, নাশতা করার সময়ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পর নাশতা করার অভ্যাসে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা।
বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে ওঠার এক থেকে দুই ঘণ্টার মধ্যে সকালের নাশতা করা ভালো। নিয়মিত এর চেয়ে বেশি দেরি করলে শরীরের বিপাকীয় প্রক্রিয়া, ক্ষুধা নিয়ন্ত্রণ এবং রক্তে শর্করার মাত্রায় প্রভাব পড়তে পারে।
বিপাকীয় কার্যক্রমে প্রভাব
রাতভর না খেয়ে থাকার পর সকালের খাবার শরীরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে ভূমিকা রাখে। কিন্তু প্রতিদিন নাশতা করতে দেরি হলে শরীরের জৈবিক ঘড়ির স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়ে বিপাকীয় প্রক্রিয়ায়।
কিছু গবেষণায় দেরিতে খাবার খাওয়ার সঙ্গে ইনসুলিন প্রতিরোধের সম্পর্ক পাওয়া গেছে। এ অবস্থায় শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না। ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।
বাড়তে পারে ক্ষুধা ও ওজন
সকালের নাশতা দেরিতে করলে দুপুরের খাবারের সময় অতিরিক্ত ক্ষুধা অনুভূত হতে পারে। এতে প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। পাশাপাশি মাঝখানে অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার অভ্যাসও বাড়তে পারে।
এ ধরনের খাদ্যাভ্যাসের কারণে রক্তে শর্করার মাত্রায় ওঠানামা হতে পারে। দীর্ঘদিন এমন অনিয়ম চলতে থাকলে অতিরিক্ত ক্যালরি গ্রহণের ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
কমতে পারে মনোযোগ ও কর্মক্ষমতা
সকালের খাবার শরীরের পাশাপাশি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেয়ে থাকলে কারও কারও ক্লান্তি, দুর্বলতা ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। এমনকি চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিক ক্ষমতাও সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
অন্যদিকে পুষ্টিকর নাশতা দিনের শুরুতে প্রয়োজনীয় শক্তি জোগানোর পাশাপাশি স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।
ব্যাহত হতে পারে ক্ষুধা নিয়ন্ত্রণ
প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের ক্ষুধা ও পেট ভরে যাওয়ার স্বাভাবিক সংকেতকে প্রভাবিত করতে পারে। ফলে কখনো অতিরিক্ত ক্ষুধা অনুভূত হয়, আবার কখনো প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়।
কখন নাশতা করা ভালো?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ঘুম থেকে ওঠার এক থেকে দুই ঘণ্টার মধ্যে সকালের নাশতা করা ভালো। নাশতায় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশসমৃদ্ধ খাবার রাখা উচিত। এসব খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
তবে সবার শারীরিক চাহিদা ও দৈনন্দিন রুটিন এক নয়। তাই নিজের ঘুমের সময়, কাজের ধরন ও শারীরিক প্রয়োজন বিবেচনায় নাশতার সময় নির্ধারণ করা উচিত। পাশাপাশি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলাও জরুরি।
বিএইচ




