Image description

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীন পুষ্পকাটি বন অফিস সংলগ্ন জলঘাটা অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের একটি বিশেষ দল। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে একটি নৌকা, ৫০ কেজি জ্যান্ত কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা এলাকার মোসানুুর রহমান এবং দশালিয়া গ্রামের রফিকুল ইসলাম ও শাহিনুর।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, বর্তমানে কাঁকড়ার প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে সব ধরনের কাঁকড়া ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও কাঁকড়া শিকারের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর