Image description

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিনকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ ঘটনা ঘটে। তাকে রাতেই জেলা শহরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে।

তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চানন্দী ইউনিয়ন বিএনপির স্থানীয়রা জানায়, জসিম বাড়ি থেকে পার্শ্ববর্তী শিউলি একরাম বাজারে যাওয়ার পথে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি, চাপাতি) নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ‘ধর ধর’ বলে জসিমকে কোপাতে শুরু করে। হামলাকারীদের ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেনি।

পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালীর জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে জানতে এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসুদকে মোবাইলে কল দেওয়া হলে তিনি ধরেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে।

আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, সেখানে স্থানীয় বিএনপি ও এনসিপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এতে জসিমকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।