রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) ভিকটিমের ভাই বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ (রবিবার) দুপুরে ওই শিক্ষার্থীকে তার বাবা হাতিয়ার তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকা অভিমুখী ‘ফারহান-০৪’ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে উঠিয়ে দেন। একই ঘাট থেকে অভিযুক্ত সাকিব ও মিঠুও লঞ্চে ওঠে। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর তারা ছাত্রীর কেবিনের দরজায় নক করে এবং তার বাবাকে চেনে বলে পরিচয় দেয়। তারা কৌশলে জানায় যে, তাদের কাছে মোটরসাইকেল কেনার অনেক টাকা আছে এবং নিরাপত্তার স্বার্থে সেগুলো কেবিনে রাখতে চায়। সরল বিশ্বাসে ওই শিক্ষার্থী তাদের টাকা রাখতে রাজি হয়।
পরবর্তীতে অভিযুক্তরা জোরপূর্বক কেবিনে প্রবেশ করে। মিঠু ছাত্রীর মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরে পাহারা দেয় এবং সাকিব উদ্দিন ভিকটিমকে প্রথম দফায় ধর্ষণ করে। এরপর রাত ৮টার দিকে তারা আবারও কেবিনে প্রবেশ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ছাত্রীকে পুনরায় ধর্ষণ করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ মঙ্গলবারই তাদের আদালতে হাজির করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments