Image description

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। বর্তমানে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছিল।

সংশ্লিষ্ট আবেদনে আরও বলা হয়, অভিযোগের তদন্ত চলাকালে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা থাকায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন ছিল।

মানবকণ্ঠ/আরআই