Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে তারা উপস্থিত হন।

প্যারেড মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৌঁছালে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্যারেড কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর আবারও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজ ফিরে এসেছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। প্যারেডে সশস্ত্র বাহিনীর আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা হয়।

কুচকাওয়াজে সাঁজোয়া যান, আর্টিলারি, সিগন্যালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, প্যারা কমান্ডো এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশ নেয়। কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ হিসেবে আকাশপথ থেকে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। এছাড়াও বিমান বাহিনীর রোমাঞ্চকর কৌশলগত প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করে।

মানবকণ্ঠ/আরআই