Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “রাষ্ট্রের এই সর্বোচ্চ আচারে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছি।”

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা শহীদদের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন এবং দেশের ওপর রহমত বর্ষণ করেন। আমরা সবাই মিলে যেন একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি—স্বাধীনতা দিবসে এটাই আমাদের বড় প্রত্যাশা।” এ সময় তিনি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/আরআই