Image description

ভারতের অন্ধ্র প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে রাজ্যের মার্কাপুরাম জেলায় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্র প্রদেশের নেল্লোরে যাচ্ছিল। সকাল প্রায় ৬টার দিকে একটি টিপার লরির সঙ্গে বাসটির প্রচণ্ড জোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়েন এবং দগ্ধ হয়ে মারা যান।

মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু জানান, প্রথমে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, অনেক যাত্রী বাসের জানালা বা দরজা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি। অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ জন আহত যাত্রীকে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মানবকণ্ঠ/আরআই