Image description

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন।

নিহতরা হল- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)। 

পুলিশ জানিয়েছে, শরীফুল ও রাইসুল মোটর সাইকেল যোগে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। তাদের সাথে আরও কয়েকজন বন্ধুও অন্য মোটর সাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিল।

স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী একটি মোটর সাইকেল ও ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়ে। এতে বাসটির ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুই আরোহী আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাস ফেলে চালক ও সহকারি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

নিহতের লাশ হাসপাতালে রয়েছে এবং ঘটনার ব্যাপারে স্বজনদের খবর পৌঁছানো হয়েছে বলে জানান, আরিফুল আমিন।