ভারতে আত্মগোপনে থাকা ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ফিরিয়ে আনতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।"
এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। এ সময় তিনি স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সেই প্রথম প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা শুরু হয়েছিল। এই পৈশাচিক ঘটনার খবর পেয়েই তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন। পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মূলত মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তাদের এই বীরত্বগাথা ও আত্মত্যাগ জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।"
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments